জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে গভীর রাতে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ শ্রীরামপুরস্থ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে অফিসের চেয়ার, টেবিল এবং দেয়ালে থাকা দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ভেতরের সব আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়।
মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি কর্মী হামিদুল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। যদিও স্থানীয়রা সেদিনই বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন, তবুও ওই ঘটনার জেরে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
ঘটনার পর শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!