নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতা চলছে। গত ২৫ দিনে বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ২৭৬টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে।
এসব ঘটনায় মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা এবং ১৭৬টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি মাত্র ছয়টি আসনে তিনটি মামলার বিপরীতে সর্বোচ্চ ২ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সর্বশেষ ১ ফেব্রুয়ারি একদিনেই আটটি মামলায় ৭২ হাজার ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
মূলত মিছিল-সভা, পোস্টার ও বিলবোর্ড সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের কারণেই এই দণ্ড দেওয়া হচ্ছে।
তালিকায় দেখা গেছে, পঞ্চগড়-২ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ‘রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (গ) ধারা লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। এছাড়া মাদারীপুর-৩ আসনের বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালানোর সময় বিধি ভঙ্গের দায়ে প্রতীকী জরিমানা ও মামলা করা হয়েছে।
ইসি সচিবালয় জানিয়েছে, মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বিশেষ করে জনসভা ও দেয়াল লিখনের ক্ষেত্রে ‘বিধিমালা ২০২৫’-এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পোস্টার ও বিলবোর্ড অপসারণসহ আচরণবিধি প্রতিপালনে সারা দেশে নিয়মিত টহল ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিশন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!