নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | ২৩ জানুয়ারি ২০২৬
পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলমান ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর এখন জমজমাট। মেলার সময়সীমা আর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় এবং আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিকেলের দিকে পুরো মেলা প্রাঙ্গণ যেন এক জনসমুদ্রে রূপ নেয়।
মেলার শেষ মূহুর্তে এসে দেশি-বিদেশি স্টল ও প্যাভিলিয়নগুলোতে চলছে বিশেষ অফার ও মূল্যছাড়ের ছড়াছড়ি। শামসুন্নাহার নামে এক ক্রেতা জানান, প্রতি বছর সংসারের প্রয়োজনীয় অধিকাংশ জিনিস তিনি মেলা থেকেই কেনেন, কারণ এখানে একই ছাদের নিচে সব পণ্য পাওয়া যায় এবং বিশেষ ছাড়ও থাকে। আড়াইহাজার থেকে আসা আশরাফ ভূঁইয়া জানান, বন্ধুদের সঙ্গে নিয়ে মেলায় এসে পছন্দসই ব্লেজার কিনেছেন এবং আরও কিছু পণ্য কেনার পরিকল্পনা রয়েছে।
মেলা শুরুর দিকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে দর্শনার্থী কিছুটা কম থাকলেও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। সাকুরা হান্ডি ক্যাপসের ম্যানেজার রাকিব হোসেন বলেন, "প্রতিদিন দুপুরের পর থেকেই মেলায় ক্রেতা বাড়ে। আজ ছুটির দিনে বিক্রি অনেক ভালো হচ্ছে।"
মেলার ইজারাদার প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের ম্যানেজার আমিনুল ইসলাম হৃদয় জানান, "মেলা শেষ পর্যায়ে চলে আসায় এবং শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি খুবই সন্তোষজনক। শৈত্যপ্রবাহের শুরুর ধাক্কা কাটিয়ে এখন মেলা পূর্ণ যৌবন ফিরে পেয়েছে।"
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বাণিজ্যমেলার পর্দা নামবে আগামী সপ্তাহে। শেষ সময়ের কেনাকাটা সেরে নিতে প্রতিদিন দুপুর থেকেই পূর্বাচলমুখী মানুষের ভিড় বাড়ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!