বিনোদন ডেস্ক: টলিউডের উদীয়মান অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু বর্তমানে অবস্থান করছেন সুদূর শ্রীলঙ্কায়। সেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার শুটিং গত পাঁচ দিন ধরে জোরকদমে চলছে। নতুন এই প্রজেক্ট এবং শাকিব খানের সঙ্গে জুটি বাঁধা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততা এতটাই বেশি যে, নিজের প্রথম সিনেমার সাফল্য উদযাপনেও তিনি উপস্থিত থাকতে পারেননি।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) কলকাতায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে দেব অভিনীত ‘প্রজাপতি ২’ সিনেমার ২৫ দিন পূর্তি। এই সিনেমার অন্যতম নায়িকা জ্যোতির্ময়ী হলেও শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি সেই উদযাপনে উপস্থিত থাকতে পারেননি। দেব যখন কেক কেটে সিনেমার পরিচালক ও প্রযোজকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছিলেন, তখন জ্যোতির্ময়ী শ্রীলঙ্কার হোটেলে বসে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। নিজের প্রথম সিনেমার এমন সাফল্যে সশরীরে উপস্থিত থাকতে না পারায় কিছুটা মন খারাপের কথা স্বীকার করেছেন তিনি। তিনি জানান, যাদের হাত ধরে বড়পর্দায় এসেছেন, তাদের খুশির দিনে পাশে থাকতে না পারাটা কষ্টের, তবে পেশাগত দায়িত্বের কারণে তিনি মন খারাপ ভুলে বর্তমানে কাজেই ডুবে আছেন।
সিনেমার শুটিং শিডিউল নিয়ে জ্যোতির্ময়ী জানান, তারা দিনরাত এক করে কাজ করছেন। ঘড়ি ধরে কাজ করার সুযোগ নেই, প্রয়োজন হলে রাত জেগেও শুটিং চলছে। কাজ দ্রুত শেষ করার তাগিদ রয়েছে সবার মধ্যেই। ঢালিউড ইউনিটের কাজের পরিবেশ সম্পর্কে অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেছেন জ্যোতির্ময়ী। তিনি জানান, ইউনিটের সবাই তাকে খুব সহযোগিতা করছেন, বিশেষ করে বাংলা উচ্চারণের ক্ষেত্রে তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, ফলে নিজেকে নতুন বলে মনে হচ্ছে না তার। দেব ও শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার তুলনা করতে গিয়ে তিনি বলেন, দুজন ব্যক্তি হিসেবে আলাদা হলেও সহ-অভিনেতা হিসেবে তারা অনেকটা একই রকম। দুজনেই প্রচণ্ড সহযোগিতা করেন এবং নিজেদের তারকাখ্যাতি বুঝতে দেন না। কাজের ফাঁকে শ্রীলঙ্কার সৌন্দর্য উপভোগ করছেন তিনি। মজার ছলে ডেট করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শাকিব বা দেব কাউকে না বেছে বরং নিজের সঙ্গেই সময় কাটানোর কথা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!