বৃহস্পতিবার, 5 ফেব্রুয়ারি 2026

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

দেশে দারিদ্র্যের কশাঘাতে বাধ্য হয়ে যারা যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, যাকাতের সঠিক বণ্টনের মাধ্যমে তাদের পুনর্বাসন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম যাকাত ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আমাদের দেশে যৌনকর্মকে পেশা হিসেবে নেওয়া একটি দুঃখজনক বিষয়। যাকাত যদি প্রাতিষ্ঠানিকভাবে এবং সঠিকভাবে আদায় করা হতো, তবে অভাবের তাড়নায় কাউকে এই পেশা বেছে নিতে হতো না।”

তিনি আরও উল্লেখ করেন, ইসলামে এক হাজার বছর ধরে যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো। ব্রিটিশ ও মুঘল আমলে এটি ব্যক্তি পর্যায়ে চলে আসায় এর প্রভাব ও গুরুত্ব কমে গেছে।

 সামর্থ্য থাকা সত্ত্বেও যারা যাকাত দেন না, তাদের ঈমানি দুর্বলতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যাকাত কোনো দান-দক্ষিণা নয়, বরং এটি গরিবের হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বৈশ্বিক দার্শনিক সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, যাকাত কেবল একটি আর্থিক দায়িত্ব নয়, এটি একটি গভীর নৈতিক দায়িত্বও বটে।

শুধু যাকাত দিলেই দায়িত্ব শেষ হয় না; এই অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং প্রাপকের জীবনে কতটা পরিবর্তন আসছে, তা তদারকি করাও অত্যন্ত জরুরি।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM) আয়োজিত এই ফেয়ারে বিশিষ্ট ব্যক্তিবর্গ যাকাতকে দারিদ্র্য বিমোচনের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!