বিশ্বমঞ্চে যাওয়ার আগে টাইগ্রেসদের ব্রিটিশ হাইকমিশনের রাজকীয় সংবর্ধনা, পাশে জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক: যুক্তরাজ্যে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ার প্রাক্কালে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে এক জমকালো বিদায়ী সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। আগামী ২৪ মে রাতে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা। তার আগে আজ সন্ধ্যায় হাইকমিশন ভবনে এই বিশেষ অভ্যর্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ নারী ক্রিকেট দল, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, "ক্রিকেট বাংলাদেশ ও যুক্তরাজ্য দুই দেশের মানুষের মধ্যেই দারুণ মেলবন্ধন তৈরি করে। সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের প্রতি আমাদের শুভকামনা ও পূর্ণ সমর্থন রয়েছে।"

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ভিন্ন গ্রুপে থাকায় হাইকমিশনার রসিকতা করে বলেন, "যেহেতু গ্রুপ আলাদা, তাই নিজ দেশের পাশাপাশি বাংলাদেশকে সমর্থন করতে আমার কোনো বাধা নেই।" তাঁর এই মন্তব্যে পুরো অনুষ্ঠানস্থলে করতালির রোল পড়ে।

বিসিবির নারী উইংয়ের প্রধান রাশনা ইমাম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের মেয়েরা বিশ্বমঞ্চে খেলছে। ক্রিকেটারদের এই গল্পগুলো দেশের পুরো নারী সমাজের জন্য একেকটি অনুপ্রেরণা।"

সংক্ষিপ্ত বক্তব্য শেষে ব্রিটিশ হাইকমিশনারের হাতে বাংলাদেশ দলের স্মারক জার্সি তুলে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর ক্রিকেটারদের সাথে ফটোসেশনে অংশ নেন হাইকমিশনার এবং জাইমা রহমান।

ফটোসেশন শেষে নারী ক্রিকেটারদের সাথে ব্যক্তিগতভাবে বেশ কিছু সময় আলাপ করেন জাইমা রহমান। তাঁর সাথে কথা বলা প্রসঙ্গে অধিনায়ক জ্যোতি বলেন, "উনার সাথে আমার আগেও কথা হয়েছে। আজ তিনি আমাদের সুযোগ-সুবিধার খোঁজখবর নিয়েছেন এবং বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন।" এছাড়া দলের বগুড়ার এক ক্রিকেটারের সাথে আলাপকালে জাইমা রহমান বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আধুনিকায়নের বিষয়টি নিয়েও কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনের এই আয়োজনকে বড় অনুপ্রেরণা উল্লেখ করে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, "যে দেশে খেলতে যাচ্ছি, সেই দেশের দূতাবাস থেকে এমন বিদায় সংবর্ধনা পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। আমরা বিশ্বকাপে সেরাটা দিতে মুখিয়ে আছি।"

ইংল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনে দলের অন্যতম তারকা মারুফা আক্তারকে 'তুরুপের তাস' হিসেবে দেখছেন অধিনায়ক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "মারুফার গতি ও সুইং ইংল্যান্ডের মাটিতে প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় ভাবনার কারণ হবে।"

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!