উত্তরা পূর্ব থানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু; পরিচয় শনাক্তের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে বিএনএস সেন্টারের সামনে ময়মনসিংহ-ঢাকা মুখী সড়কের বিআরটিএ লেনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটিএ লেনের মাঝখানে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)-এর একটি বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়। পিবিআই টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টা করেও ভিকটিমের পরিচয় শনাক্ত করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সুত্রে নিশ্চিত করা হয়েছে ।

পুলিশ এখন নিহতের পরিচয় নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে তদন্ত চালিয়ে যাচ্ছে।


মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!