বিশেষ প্রতিনিধি: ত্রিশ বছর আগে বাংলাদেশের শরিয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজের পর দেশে ফিরছেন আমির হোসেন।
আজ (মঙ্গলবার ২১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের ওডি১৬২ (OD162) ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের অনসাইট ম্যানেজার মো. আল-আমিন নয়ন আজ (মঙ্গলবার) রাতে এসব তথ্য জানিয়েছেন তিনি।
তিনি জানান, ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমানোর পর প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আমিরের। পরবর্তী ২৭ বছর ধরে তার কোনো খোঁজ পায়নি পরিবার। যার কারণে সময়ের সাথে সাথে স্বজনরা প্রায় ধরে নিয়েছিলেন হয়তো তিনি আর বেঁচে নেই।
সম্প্রতি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্যোগে এক নাটকীয় মোড় নেয় এই ঘটনার। স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে আমির হোসেন মালয়েশিয়ার জঙ্গলে মানবেতর জীবনযাপন করছিলেন। সেখান থেকে উদ্ধার করে তার পরিচয় শনাক্তে এগিয়ে আসেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস ও পেনাং রাজ্যের দিপু নামের এক প্রবাসীর উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা দ্রুত সাড়া ফেলে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আমির হোসেনকে শনাক্ত করেন। এরপর প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাসের উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে।
উল্লেখ্য, আমির হোসেনের দেশে ফিরে আসা শুধু একটি মানুষের নয়, এটি এক পরিবারের বহু বছরের অপেক্ষা, বেদনা ও আশার অবসান। একইসাথে এটি প্রবাস জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার একটি মর্মস্পর্শী উদাহরণ। যা প্রবাসীসহ সকলের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দেয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!