নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে সারা দেশে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ৬ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে প্রথম দিনের পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। সারা দেশে ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষা বোর্ড (এসএসসি): ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন এবং বহিষ্কৃত হয়েছে ২ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল): ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। এখানে সর্বোচ্চ ৪ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড: ১ লাখ ১৯ হাজার ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। এই বোর্ডে একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে সাধারণ বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!