প্রভাতী নিউজ ডেস্ক: মানবপাচার ও মাদকমুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে বিপথগামী করছে। এ কারণে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, মানবপাচার রোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধে ব্যবহৃত পয়েন্টগুলো চিহ্নিত করে সুসংগঠিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের কালি শুকানোর আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। বিএনপি যা বলে, তা করে। কৃষকদের উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভিডিও জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে সরকার ইতোমধ্যে গবেষণা কার্যক্রম শুরু করেছে, যাতে বাস্তবসম্মত ও টেকসই সমাধান বের করা যায়।
সবশেষে তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!