নিজস্ব প্রতিবেদক:জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জামিননামা কারাগারে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন।
গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিলেন। গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিনই জুলাই আন্দোলনের সময়কার 'আশরাফুল হত্যাচেষ্টা' মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন করলে এবং তার আইনজীবী জামিনের আবেদন করলে, আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। উক্ত হামলায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবক চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় গত ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আহত আশরাফুল। ড. শিরীন শারমিন চৌধুরী এই মামলার ৩ নম্বর আসামি।
ড. শিরীন শারমিনের বিরুদ্ধে বর্তমানে মোট দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে। তবে তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ গণমাধ্যমকে জানান, আজিমপুরের মামলায় জামিন পাওয়ার পর অন্য কোনো মামলায় তার বিরুদ্ধে নতুন কোনো আটকাদেশ (Writ of Detention) না থাকায় তার মুক্তিতে কোনো আইনি বাধা ছিল না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!