চারঘাটে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রানা শেখ, বাঘা প্রতিনিধি: চারঘাট উপজেলা-এ পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে হলিদাগাছী এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। স্থানীয়রা পরিচয় শনাক্তের চেষ্টা করলেও এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

অন্যদিকে, সোমবার রাতে একই উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর কালাবিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে। দুর্ঘটনায় তার শরীরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়দের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে পারিবারিকভাবে দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে সারদা রেলস্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, নারীটি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে এবং যুবকটি নেশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!