বাঘায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে রাকিব ও তার বাহিনীর বিরুদ্ধে

রানা শেখ, বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা-য় তুষার নামের এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে রাকিব ও তার বাহিনীর বিরুদ্ধে। রোববার (১৯ এপ্রিল) সকালে বাঘা থানাধীন আলাইপুর লাপিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ তুষার আহমেদ বাঘা থানায় ৩জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী তুষার আহমেদ (৩২), সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক এলাকার বাসিন্দা।

অপরদিকে অভিযুক্ত রাকিব (৩২) হলো, বাঘা থানাধীন আলাইপুর নাপিতপাড়া এলাকার মৃত দস্তুল এর ছেলে, মো: রাজিব (৩২), সে একই এলাকার মৃত কালাম মাঝির ছেলে, মো: রাব্বি (২৮), সে একই এলাকার মো: লাভআলী’র ছেলে। 

রোববার সকাল ১১টার দিকে বাঘা থানাধীন আলাইপুর গালিগাছা মোড়ে অবস্থানকালে স্থানীয় তিন ব্যক্তি—মোঃ রাকিব, মোঃ রাশেদ ও মোঃ রনি—তুষার আহমেদের কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখতে চান। পরে তারা কৌশলে মোবাইলটি নিজেদের হেফাজতে নেন।

ভুক্তভোগী তুষারের দাবি, এরপর অভিযুক্তরা তাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে এবং জোরপূর্বক তার কাছ থেকে প্রায় ৯ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তাকে ও তার চাচাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একই দিন রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা আবারও ভুক্তভোগীর চাচার বাড়িতে গিয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে।

বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুনরায় হামলার আশঙ্কা করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন তুষার আহমেদ।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল হক মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি গতকাল গাইবান্ধায় ছিলাম বিধায় বিষয়টি আমার জানা। তবে যদি অভিযোগ হয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!