বিনোদন ডেস্ক, প্রভার্তী নিউজ |
বলিউড ও টলিউডের জনপ্রিয় মুখ পূজা ব্যানার্জি আবারও মা হতে চলেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও শেয়ার করে ভক্তদের এই খুশির খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। প্রথম সন্তান কৃষিভের পর এবার দ্বিতীয় অতিথির অপেক্ষায় প্রহর গুনছেন পূজা ও অভিনেতা কুণাল ভার্মা দম্পতি।
শেয়ার করা ভিডিওর শুরুতেই পূজা একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখান, যেখানে রেজাল্ট ‘পজিটিভ’ দেখা যায়। এরপরই উঠে আসে তার বর্তমান শারীরিক অবস্থার কিছু খণ্ডচিত্র। অন্তঃসত্ত্বাকালীন সময়ের ক্লান্তি, দুর্বলতা আর বিষণ্ণতার মুহূর্তগুলো যেমন তিনি তুলে ধরেছেন, তেমনি দেখিয়েছেন তার প্রথম সন্তান কৃষিভের সাথে কাটানো মিষ্টি মুহূর্তও। মায়ের অসুস্থতায় ছোট্ট কৃষিভের ভালোবাসামাখা ‘হামি’ নেটিজেনদের বেশ আবেগপ্রবণ করে তুলেছে। ভিডিওর শেষ অংশে পূজা তার ‘বেবিবাম্প’ প্রদর্শন করে মাতৃত্বের নতুন এই অধ্যায়কে উদযাপন করেন।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে আংটি বদল করেছিলেন পূজা ও কুণাল। তবে ২০২০ সালে করোনা মহামারীর লকডাউনের সময় ঘরোয়াভাবে আইনি বিয়ে সারেন এই জুটি। বিয়ের কয়েক মাস পরেই তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান কৃষিভ। ৪ বছর পর আবারও তাদের পরিবারে নতুন সদস্য আসার খবরে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।
টলিউডে ‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’ কিংবা ‘হইচই আনলিমিটেড’-এর মতো বাণিজ্যিক সফল সিনেমায় অভিনয় করে পূজা দর্শকদের প্রিয় হয়ে ওঠেন। পাশাপাশি হিন্দি টেলিভিশনে ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পান তিনি। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ‘পাপ’ ও ‘ক্যাবারে’-র মতো সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!