রাশেদুল হক রাশেদ :যশোরের চৌগাছা উপজেলায় অবৈধভাবে ডিজেল সরবরাহের সময় এক এজেন্টকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। এসময় এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় প্রায় ২০০ লিটার ডিজেল।
আদালত সূত্রে জানা যায়, চৌগাছা শফি ষ্টোর থেকে শার্শা উপজেলার সাড়াতলা বাজারের একটি মুদি দোকানে অবৈধভাবে একটি ভ্যানে করে ২০০ লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পৌর শহরের চানপুর মোড়ে ভ্যানটি আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। একইসাথে জব্দকৃত ডিজেল চৌগাছার বিশ্বাস ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা কৃষি অফিসার মোশাব্বির হুসাইন এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অবৈধভাবে ডিজেল সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!