রাজশাহী-ঢাকা রুটে হঠাৎ বাস বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী; আজ ডিসি কার্যালয়ে জরুরি বৈঠক

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো: বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে পূর্বঘোষণা ছাড়াই রাজশাহী থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে রাজধানীগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আজ দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি যৌথ সভা ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী ও নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। দ্বন্দ্বের জেরে মালিক সমিতির পক্ষ থেকে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় টিকিট কেটে অপেক্ষমাণ যাত্রীদের অনেকেই পড়েছেন বিপাকে। বিকল্প পরিবহন না পেয়ে কেউ ফিরছেন বাড়িতে, আবার কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট যানবাহনে যাত্রা করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে জরুরি কাজে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন দ্রুত উদ্যোগ নেয়। জানা গেছে, আজকের বৈঠকে রাজশাহী ও নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা অংশ নেবেন। পাশাপাশি দুই জেলার জেলা প্রশাসকরাও উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমেই বিরোধের সমাধান হবে এবং দ্রুত সময়ের মধ্যে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন নেতাদের কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে আলোচনা চলমান রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!