লৌহজংয়ে অপহরণ মামলার রায়ের জেরে বাদীকে হত্যাচেষ্টার অভিযোগ

ওয়াসিম ফারুক: মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেয়েকে অপহরণ মামলার রায়ের জেরে মামলার বাদী ভাস্কর খানকে (৫০) মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতঘড়িয়া এলাকার হলদিয়া-গোয়ালিমান্দ্রা সড়কের খন্দকার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত ভাস্কর খানকে স্থানীয়রা উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাস্কর খানের মেয়ে উম্মে হাবিবা নওরীনকে (১৬) অপহরণের ঘটনায় তিনি ২০২২ সালের ৩১ এপ্রিল ঢাকার কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার নম্বর ছিল ৩১। পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ গত বছরের ২০ নভেম্বর আসামি ফারহান আহমেদ প্রান্তকে ২০ বছরের কারাদণ্ড দেন।

অভিযোগে আরও বলা হয়, মামলার রায়ের জেরে মঙ্গলবার বিকেলে ফারহান আহমেদ প্রান্তসহ অজ্ঞাতনামা আরও তিনজন ভাস্কর খানের ওপর হামলা চালান। তারা লোহার রড, কাঠের ডাসা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন এবং হত্যার চেষ্টা করেন।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!