রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কেশবপুর গ্রামের সন্তোষ চৌধুরীর ছেলে সনি চৌধুরী (২৫) এবং একই এলাকার নাসির উদ্দিনের ছেলে সিজান (২২)। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী সদর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কেশবপুর এলাকায় চারজন ব্যক্তি অটোরিকশা চালক লুৎফর মিয়াকে থামার সংকেত দেয়। অটোরিকশা থামানোর পর তারা জোরপূর্বক চালকের কাছ থেকে অটোরিকশার চাবি, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে টহলরত ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা অটোরিকশার চাবি ও মোবাইল ফোন ফেলে পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা ধাওয়া দিয়ে সনি ও সিজানকে আটক করতে সক্ষম হয়, তবে বাকি দুইজন পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে অটোরিকশার চাবি ও মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মানিব্যাগ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সিজানের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী লুৎফর মিয়া রাজপাড়া থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!