টাঙ্গাইলে শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাতার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যার দায়ে ২০ বছর পর জামাতা রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জেলা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি দুলু পলাতক ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর ৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাজাহান কবির মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর আসামি রেজাউর রহমান দুলুর সঙ্গে তার স্ত্রী নুরুন্নাহারের পারিবারিক বিরোধ চরমে ওঠে। স্ত্রীর ওপর অভিমান করে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে হামলা চালায় দুলু।

ওই সময় শাশুড়ি রাবেয়া বেগম তার মেয়েকে বাঁচাতে বাধা দিলে দুলু দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে আহত রাবেয়া বেগমকে মধুপুরের কালিয়াকুড়ি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত স্ত্রী নুরুন্নাহারকে দীর্ঘ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

হত্যাকাণ্ডের পর দায়েরকৃত মামলায় দীর্ঘ ২০ বছর ধরে বিচারিক প্রক্রিয়া চলে। আদালত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে এই রায় প্রদান করেন। পলাতক দণ্ডিত আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!