আমিরাতে ড্রোন হামলায় নিহত সালেহকে মৌলভীবাজারে দাফন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার 

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা সালেহ আহমদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরসভাধীন গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর ভিড়ে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

জানাজায় উপস্থিত হয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনতে সক্ষম হয়েছি। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহযোগিতা করা হয়েছে।”

গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতার শেষে জরুরি খাদ্য-পানীয় সরবরাহের কাজে বের হয়েছিলেন সালেহ আহমদ। ওই সময় ইরান ও আরব আমিরাতের মধ্যকার সংঘাত চলাকালীন একটি ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হন। পুলিশ ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!