রাশেদুল হক রাশেদ,চৌগাছা যশোর:যশোরের চৌগাছা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার ২৫ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর গ্রামের মোমিন, নজরুল ইসলাম ও ইজাজুল ইসলাম এবং দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কামারুল ইসলামকে গাঁজা সেবনের দায়ে আটক করা হয়। এর আগে যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ৫ উপধারা অনুযায়ী প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আদালত পরিচালনার সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের কর্মকর্তারা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অপব্যবহার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধ অনেকাংশে কমে আসবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!