চৌগাছায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

রাশেদুল হক রাশেদ: যশোরের চৌগাছা উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ২টা ৩০ মিনিটে উপজেলা কৃষি অফিসের হলরুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ। তিনি কৃষকদের মাঝে পাটের বীজ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ. জেড. এম. ওবাইদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান আল মামুন, সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, সহ-সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খান, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডুসহ অন্যান্যরা।

এসময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউপি সদস্য, কৃষক-কৃষাণী এবং প্রেসক্লাব চৌগাছার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ৩,২৮০ জন কৃষক-কৃষাণীর মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রোপা আউশের জন্য ২,৫০০ জন কৃষককে ৫ কেজি উন্নতমানের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

এছাড়া মুগ ফসলের জন্য ১৫০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, তিলের জন্য ১৮০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং পাটের জন্য ৪৫০ জন কৃষককে ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে মুগ, তিল ও পাটের আবাদ আরও সম্প্রসারিত হবে এবং কৃষকদের মধ্যে চাষাবাদের আগ্রহ বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, যারা পাট চাষ করেন, তাদের সবাইকে প্রণোদনার আওতায় আনা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!