কেন্দুয়ায় কয়েলের আগুনে ৫ টি ভস্মীভূতসহ মোট পুড়ল ৮ টি গবাদিপশু

মোহাম্মদ সালাহ উদ্দিন,নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ গ্রামের মোঃ সোহেল মিয়ার গোয়ালঘরে আগুন লেগে ২টি দুধের গাভী ও ৩টি ছাগল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। 

এ ঘটনায় আরও ১টি গাভী ও ২টি বাছুর গুরুতর দগ্ধ হয়েছে। 

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মোঃ সোহেল মিয়া বলেন- রাত আনুমানিক ১১টার দিকে গরুগুলোকে খাবার ও মশা তাড়ানোর কয়েল দিয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ ডাক চিৎকার শুনে উঠে দেখি আমার সর্বনাশ হয়ে গেছে, এতে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে আমার। আগুন নেভাতে গিয়ে আমার ছোটভাই  মোঃ জুয়েল মিয়া অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে।

গ্রামবাসী জানান- স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোয়ালঘরের অধিকাংশ পশু পুড়ে যায়। আহত গরুগুলো অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভেটেরিনারি পল্লী চিকিৎসক হাফিজ উদ্দিন।

ঘটনার খবর পেয়ে নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালী দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। 

এরিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওই ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন হিলালী প্রমূখ। 

ইউএনও মোঃ রিফাতুল ইসলাম জানান- ক্ষতিগ্রস্তদের থেকে আবেদন পেলে সরকারি সহযোগিতার চেষ্টা করা হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!