পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া নির্মাতা সৈকত নাসিরের বহুল আলোচিত চলচ্চিত্র ‘মাসুদ রানা’ এবার বড় পরিসরে দেশজুড়ে মুক্তি পেয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র গল্প অবলম্বনে নির্মিত এই ছবিটি আজ থেকে একযোগে দেশের ৩২টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।
মুক্তির প্রথম দুই সপ্তাহে ছবিটি কেবল দেশের নামী মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হয়েছিল। তবে আজ থেকে ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের বড় বড় একক (সিঙ্গেল) হলগুলোতেও দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
নির্মাতা সৈকত নাসির দেশজুড়ে ৩২টি হলের তালিকা প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছেন। তালিকায় থাকা দেশের প্রধান প্রধান প্রেক্ষাগৃহগুলোর মধ্যে রয়েছে:
ঢাকা: ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা।
ঢাকার বাইরে: মণিহার (যশোর), রূপকথা (পাবনা), ছায়াবাণী (ময়মনসিংহ), মম ইন (বগুড়া), অভিরুচি (বরিশাল) এবং সংগীতা (খুলনা)।
এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও ছবির প্রযোজক আব্দুল আজিজ দর্শকদের জন্য এক বিশেষ সুখবর দিয়েছেন। তিনি জানান, ঈদে শেষ মুহূর্তের সময় স্বল্পতার কারণে ছবিটির কিছু টেকনিক্যাল বিষয়ে সামান্য অসঙ্গতি থেকে গিয়েছিল। মাল্টিপ্লেক্সে প্রদর্শনের পর সেই ঘাটতিগুলো সংস্কার ও সংশোধন করে নিখুঁতভাবে এই সপ্তাহের জন্য নতুন প্রিন্ট প্রস্তুত করা হয়েছে। ফলে এবার যারা প্রেক্ষাগৃহে ছবিটি নতুন করে দেখবেন, তাঁরা সিনেমাটোগ্রাফি ও এডিটিংয়ে বেশ কিছু ভিন্নতা ও নতুনত্ব পাবেন।
সিনেমাটিতে নাম ভূমিকায় অর্থাৎ গোয়েন্দা ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা রাসেল রানা। তাঁর বিপরীতে জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী অভিনয় করেছেন ‘সোহানা’ চরিত্রে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে রূপদান করেছেন সৈয়দা তৌহিদা হক তিথী।
ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার, জেবা জান্নাতসহ একঝাঁক তারকা শিল্পী। দেশীয় গোয়েন্দা ঘরানার এই মেগা প্রজেক্টটি হলগুলোতে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!