চুয়াডাঙ্গায় ফ্ল্যাট থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ ফ্ল্যাট থেকে এক আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের বসুতিপাড়ার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুর রহমান (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, নিহত মাহমুদুর রহমান তিন বছর আগে জীবননগরে সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) পদে যোগদান করেছিলেন। এর পাশাপাশি তিনি মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ইতি খাতুনের সঙ্গে পারিবারিক বিবাদের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে নিহতের স্ত্রী ইতি খাতুন জানান, তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে মাঝে মাঝে সাধারণ ঝগড়া হলেও পরে তা মিটে যেত। তিনি বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনার বিবরণ দিয়ে ইতি খাতুন বলেন, “বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে আমাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। সকালে মাহমুদুর ছেলের জন্য জুস আনতে বাইরে যান। ঘর থেকে ফিরে তিনি নিজের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ দরজা না খোলায় আমি ডাকাডাকি ও ধাক্কাধাক্কি করি। কোনো সাড়া না পেয়ে পরে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।”

জীবননগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!