বনশ্রীতে শিক্ষার্থী হত্যা মামলার প্রধান গ্রেপ্তার, আরও ৪ ছাত্রকে বলাৎকারের তথ্য

নিজস্ব প্রতিবেদক | ঢাকারাজধানীর বনশ্রী এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত শিক্ষক মো. শিহাব হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিহাব আরও অন্তত চারজন ছাত্রের সঙ্গে একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রামপুরা থানা পুলিশ সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে মো. আব্দুল্লাহ (১০) নামের এক ছাত্রের গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনার পর নিহত আব্দুল্লাহর মা বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২০ মে) পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে ঘটনার মূল হোতা শিহাব হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার সময় তার শরীরে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা যায়। পরবর্তীতে পুলিশ কর্মকর্তাদের নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ স্বীকার করে যে, অভিযুক্ত শিহাব হোসেন এর আগেও ওই মাদ্রাসার আরও চারজন ছাত্রের সঙ্গে একই ধরনের বিকৃত ও অস্বাভাবিক যৌনাচার লিপ্ত হয়েছিল।

এই নৃশংস ঘটনার সুনির্দিষ্ট বিচার ও তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে পুলিশ কাজ করছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!