রাজশাহীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে ছাত্রশিবির ও খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ

ইব্রাহীম হোসেন সম্রাট,রাজশাহী ব্যুরো: রাজশাহীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে মহানগরীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (২২ মে) বাদ জুম্মা নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

​দুপুরে জুম্মার নামাজ শেষে সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন এবং ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।

​বক্তারা অভিযোগ করে বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও আইনি শিথিলতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সমাজ থেকে এই ধরনের নৃশংসতা দূর করতে তারা ইসলামী শরিয়া অনুযায়ী কঠোর বিচার ব্যবস্থা কার্যকরের আহ্বান জানান।

​বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মাহমুদুল হাসান মাসুমসহ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী।

এদিকে একই দাবিতে এবং প্রায় একই সময়ে নগরীর জিরোপয়েন্ট চত্বরে পৃথক বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ খেলাফত মজলিস। সমাবেশ থেকে দলটির স্থানীয় নেতৃবৃন্দ রামিসা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ট্রাইব্যুনালে বিচার কার্যকর করার দাবি জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং অপরাধীদের অনতিবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আলটিমেটাম দেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!