ওয়াসিম ফারুক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ মশদগাঁও খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হাট ভোগদিয়া গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মো. আব্দুল মান্নান খান (৫৬) এবং দক্ষিণ মশদগাঁও গ্রামের রশিদ খানের ছেলে সাগর খান (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মশদগাঁও এলাকার মালির অংক খালপাড়ে সাগর খানের ছাপড়া ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘর থেকে এক কেজি গাঁজা ও একটি ভদকা ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!