ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে ইউনিয়নের বর্তমান কমিটি বাতিল ও অবাধ নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর ভদ্রা মোড়স্থ স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক, সুপারভাইজার ও হেলপাররা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের কমিটি বাতিল করতে হবে’, ‘শ্রমিকদের ওপর হামলা কেন, জবাব দাও’ এবং ‘অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাই’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগতদের একটি দল সাধারণ শ্রমিকদের ওপর অতর্কিত গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তারা আরও বলেন, বর্তমান ‘পকেট কমিটি’ বাতিল করে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচিতে মো. শামীম, মো. স্বপন, মো. নাজমুল, মো. লিটন, মো. আজমত আলী, মো. জাহাঙ্গীর, মো. সাজ্জাদ হোসেন ও মো. শিমুলসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন।
মানববন্ধন শেষে শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!