রাসিক প্রশাসকের পরিদর্শন: ৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের বুলুনপুর গোয়ালপাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের ড্রেন ও ক্রস ড্রেন নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। পাশাপাশি এলাকার বাঁধের ওপরের রাস্তা উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের দিকেও গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের আগে ৪ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশাসক। তিনি বলেন, নাগরিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং দীর্ঘদিন বঞ্চিত মানুষদের সেবা কার্যক্রমের আওতায় আনা হবে।

সভায় তিনি আরও বলেন, দরিদ্র ও উপযুক্ত পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রকিব উদ্দিন টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব রুবেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু, রাজপাড়া থানার সহ-সভাপতি নাজিম উদ্দীন, কাশিয়াডাঙ্গা থানার সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!