দিনাজপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ উত্তেজক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার নয় কেউ

রাজশাহী ব্যুরো: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৫ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বুধবার (২৩ এপ্রিল) রাতে নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজার এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের শাখা অফিসের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়।

র‍্যাব-৫ (সিপিসি-৩) ও ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ২৯টি কার্টুনে মোট ৭ হাজার ৪৮৫ বোতল অবৈধ সিরাপ রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ২৯ হাজার ৫০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বেশ কয়েকদিন ধরে এসব অবৈধ সিরাপ এলাকায় মজুদ করে আসছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে যৌথ বাহিনী অভিযান চালালে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত সিরাপ বর্তমানে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৬৫) করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, জড়িত চক্রের মূল হোতা ও সরবরাহের উৎস শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ মাদক ও নিষিদ্ধ পণ্য দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!