বোরহানউদ্দিন (ভোলা)প্রতিনিধিঃ ভোলা জেলার অন্যতম সেরা শিক্ষক বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান মাষ্টার (৯৫) বুধবার রাত ৯টা ২৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ১১ টার দিকে তাঁর সাবেক কর্মস্থল বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ শেষে মরদেহ তাঁর নিজ বাড়ি বড় মানিকা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মুন্সি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন, গুনগ্রাহি রেখে গেছেন।
এদিকে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম,এ্কই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফজলুল করিম, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, স্থানীয় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জেলা ছাড়িয়ে বেশ কয়েকবার তিনি যশোর বোর্ডের (তখন বরিশাল বোর্ড ছিল না) সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি সর্বশেষ ১৯৯২ সালে জাতীয় পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!