বুধবার, 11 ফেব্রুয়ারি 2026

ভোলা'র চরফ্যাশনের পেপার বিক্রেতা রাজিবের অন্যরকম রাজনীতি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ


চলার মতো পুঁজি নেই। সংসার চালাতে প্রতিদিনই লড়াই। ভোলার চরফ্যাশন উপজেলার পেপার বিক্রেতা রাজিব সেই সংগ্রামী মানুষদের একজন, যিনি সামান্য পত্রিকা বিক্রি করেই জীবনের চাকা ঘোরানোর চেষ্টা করেন। রয়েছে শারীরিক অসুস্থতাও। তবুও নির্বাচন এলেই যেন তার ভেতরের মানুষটি অন্যরকম হয়ে ওঠে। গত কয়েকটি নির্বাচনের মতো এবারও ভোলার বাজার ও বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় গলায় সাউন্ড বক্স ঝুলিয়ে গান বাজিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে রাজিবকে। কখনো গানের তালে তালে নিজেই নাচছেন, আবার কখনো উচ্চস্বরে স্লোগান তুলছেন। কেউ তার সঙ্গে নেচে উঠছেন, কেউ কৌতূহলী চোখে তাকিয়ে দেখছেন— আবার কেউ মুচকি হেসে বিষয়টি উপভোগ করছেন। এই প্রচারণার কেন্দ্রে বর্তমানে ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। রাজিব নিজ খরচে গরুর গাড়ি মার্কায় ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজিবকে অনেকেই একজন সহজ-সরল, আবেগপ্রবণ মানুষ হিসেবেই চেনেন। কারও ভাষায়, “ও একটু পাগলাটে টাইপের— কিন্তু ক্ষতি করার মানুষ না।” আবার কেউ বলেন, “নির্বাচন আসলেই ওর মাথার ভেতর শুধু ভোট আর প্রচারণাই ঘুরতে থাকে।”


স্থানীয়দের বড় একটি অংশ মনে করেন, এটি রাজিবের একান্ত নিজের ভালোলাগা থেকেই করা কাজ। ব্যক্তিকে নয়, বরং নির্বাচন আর ভোটের পরিবেশটাই যেন তাকে টানে। কেউ কেউ আবার বলেন, আলোচনায় থাকার বা মানুষের নজরে আসার আগ্রহও থাকতে পারে। তবে তার এই প্রচারণায় কোনো আর্থিক লাভের চিহ্ন এখন পর্যন্ত কেউ দেখেননি।


রাজিব যে পেপার এজেন্সি থেকে পত্রিকা নেন সেই এজেন্সির স্বত্বাধিকারী মনির বলেন, নির্বাচন এলেই ও নিজে থেকেই নেমে পড়ে। ওকে কেউ বলেও না। নিজের পয়সা খরচ করে ঘোরে। আগেও বিভিন্ন জায়গায় এমন করেছে। এটা ওর স্বভাবই বলা যায়।


অভাব, অসুস্থতা আর অদম্য উৎসাহ—সব মিলিয়ে রাজিব স্থানীয় রাজনীতিতে এক ব্যতিক্রমী চরিত্র। কারও চোখে তিনি তামাশার মানুষ, কারও কাছে আবার ভোটের মৌসুমে এক নিষ্পাপ উন্মাদনার নাম। তবে এটুকু নিশ্চিত, নিজের কষ্টের জীবনের মাঝেও ভোটের গান প্রচার করে বেড়ানো মানুষটি মন থেকে যা বিশ্বাস করেন, সেটুকু করতেই তিনি রাস্তায় নেমে পড়েন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!