জেলা প্রতিনিধি, গাজীপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে নজিরবিহীন যানজট। এই পরিস্থিতির সুযোগ নিয়ে গণপরিবহনে তিনগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। সোমবার বিকেল থেকে কয়েকশ শিল্প-কারখানা ছুটি হওয়ায় সন্ধ্যার পর থেকেই উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ চন্দ্রা ও ভোগড়া বাইপাস এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়।
যাত্রীদের অভিযোগ, ৫০০ টাকার ভাড়া এখন ১২০০ থেকে ১৫০০ টাকা চাওয়া হচ্ছে। বাড়তি ভাড়ার প্রতিবাদে চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় ক্ষুব্ধ যাত্রীরা কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন। পোশাক শ্রমিক আশা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "ভোট দিতে বাড়ি যাব, কিন্তু সিন্ডিকেট করে ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে প্রশাসনের কোনো তদারকি দেখছি না।"
সাভার থেকে আসা বাস চালক আব্বাস উদ্দিন জানান, রাত ১টায় সাভার পৌঁছালেও যানজটের কারণে সকাল পর্যন্ত চন্দ্রাই পার হতে পারেননি। যাত্রীর চাপ বেশি এবং গাড়ি জ্যামে আটকে থাকায় ভাড়ার ওপর এর প্রভাব পড়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাউগাতুল আলম জানান, নির্বাচনের ছুটিতে শিল্প-কারখানার শ্রমিকরা একসাথে রাস্তায় নামায় এই চাপের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!