বুধবার, 11 ফেব্রুয়ারি 2026

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত : মহাপরিচালক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

সোমবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

ভোটাররা যেন শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

পরিস্থিতি মোকাবিলায় বিজিবি হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), বিশেষায়িত ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহার করবে।

সমন্বয় সভা শেষে মহাপরিচালক দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনের বাকি সময় সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারিও দেন তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!