বুধবার, 11 ফেব্রুয়ারি 2026

সাতক্ষীরায় পৌঁছেছে ব্যালট পেপার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা।

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান নিশ্চিত করেছেন যে, নির্বাচনে ব্যবহারের জন্য ১৮ লাখ ৩২ হাজার ৫৮৯টি ব্যালট পেপার জেলায় এসে পৌঁছেছে। এর আগেই গণভোটের ব্যালট পেপার জেলাটিতে পৌঁছে বিশেষ নিরাপত্তায় সংরক্ষিত রয়েছে।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার ব্যালট পেপারগুলো সাতক্ষীরায় আসার পর রোববার কড়া নিরাপত্তায় সাতটি উপজেলার স্ব-স্ব নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নজরদারিতে এগুলো সংরক্ষণ করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার জানান ব্যালট পেপার সংরক্ষণ থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে যাতে একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়।"

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার চারটি আসনে ভোটের মূল চিত্র নিম্নরূপ:

বিষয়পরিসংখ্যান
মোট ভোটার১৮,৩২,৫৮৯ জন
পুরুষ ভোটার৯,১৭,৭৩৯ জন
মহিলা ভোটার৯,১৪,৮২৭ জন
তৃতীয় লিঙ্গের ভোটার১৩ জন
তরুণ ভোটার (১৮-৩৫ বছর)৬,২৮,৬০৯ জন
নতুন ভোটার৬৭,২৩৩ জন
মোট ভোটকেন্দ্র৬০৯টি
মোট ভোট কক্ষ৩,৩৭২টি

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। প্রশাসন আশা করছে, এই ব্যাপক প্রস্তুতির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!