মোহাম্মদ সালাহ উদ্দিন: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নেত্রকোণার পূর্বধলার মানসুরা আক্তারের নাম ঘোষণা করেছে বিএনপি ।
সোমবার (২০ এপ্রিল) দলটির পক্ষ থেকে প্রকাশিত চূড়ান্ত ৩৬ জনের নাম তালিকায় তাঁর নামও রয়েছে।
গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেন দলটি । সেখান থেকেই পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড যাচাই–বাছাই শেষে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করে ।
জানা যায়, মানসুরা আক্তার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী তিনি।
ছাত্রদলের কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন । '২৪ এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা ছিলো তাঁর । তাছাড়া আওয়ামী সরকার আমলে বিভিন্ন সময় মামলা - হামলার শিকারও হয়েছেন তিনি ।
তাঁর জন্ম পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে । তাঁর পিতা মো. শাহজাহান মিয়া এবং মাতা আম্বিয়া বেগম । বর্তমানে তিনি (মানসুরা) পূর্বধলা সদরের গার্লস স্কুল রোড এলাকায় বসবাস করছেন ।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন- তরুণ ও মেধাবী এই নেতৃত্ব জাতীয় সংসদে এলাকার সাধারণ মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছাত্র দলের ঐ নেত্রীর মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তার ফোন রিসিভ হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!