নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থের অবৈধ ব্যবহার ও প্রভাব বিস্তার রোধে বড় ধরনের কঠোরতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় ইন্টারনেট ব্যাংকিং সাময়িকভাবে বন্ধ এবং মোবাইল ব্যাংকিংয়ের (MFS) লেনদেন সীমা নাটকীয়ভাবে কমিয়ে আনার কথা জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের অনুরোধে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা ৯৬ ঘণ্টা পি-টু-পি (ব্যক্তি থেকে ব্যক্তি) ইন্টারনেট ব্যাংকিং বা IBFT সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে বিভিন্ন ব্যাংকের অ্যাপ (যেমন: আস্থা, সিটিটাচ, সেলফিন, নেক্সাস পে ইত্যাদি) ব্যবহার করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না
মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও কঠোর বিধিমালা দেওয়া হয়েছে। এই ৯৬ ঘণ্টায় ব্যক্তি হিসাবের লেনদেনের সীমা একবারে সর্বোচ্চ ১,০০০ টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার টাকা পাঠানো যাবে। এক দিনে সব মিলিয়ে ১০,০০০ টাকার বেশি পাঠানো যাবে না।
সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে কিছু সেবা এই বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে মার্চেন্ট পেমেন্ট কেনাকাটার ক্ষেত্রে পেমেন্ট সচল থাকবে। ইউটিলিটি বিল: গ্যাস, বিদ্যুৎ বা পানির বিল পরিশোধে কোনো বাধা নেই।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অস্বাভাবিক লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য প্রতিটি এমএফএস প্রোভাইডারকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। কোনো সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানাকে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!