রাসিক মেয়র পদে আলোচনায় যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সম্ভাব্য নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নাম সামনে এসেছে। তৃণমূলভিত্তিক রাজনীতি, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠমুখী নেতৃত্বের কারণে তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা রফিকুল ইসলাম রবি ধাপে ধাপে সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বিভাগীয় পর্যায়ে সহ-সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

সংগঠনের নেতাকর্মীরা বলছেন, ছাত্রদলের দায়িত্বে থাকাকালে তিনি সংগঠন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী হয়। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ও জুলাইয়ের আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়ে তিনি কর্মীদের আস্থা অর্জন করেন।

দলীয় বিশ্লেষকদের মতে, রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলায় জড়িত হয়ে কারাবরণ তার সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততারই প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নেতৃত্বের দৃঢ়তা দেখিয়েছেন।

দলের অভ্যন্তরে রবি ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে পরিচিত বলে দাবি করা হচ্ছে। সাদামাটা জীবনযাপন, কর্মীবান্ধব মনোভাব এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় শীর্ষ নেতৃত্বের ওপর নির্ভর করছে। কাকে প্রার্থী করা হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবুও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজশাহী সিটি কর্পোরেশনের নেতৃত্বের দৌড়ে রফিকুল ইসলাম রবির অবস্থান উল্লেখযোগ্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!