নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড গড়া জয়ের পর আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, এই সংবাদ সম্মেলনে তারেক রহমান নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি নতুন সরকার গঠনের রূপরেখা তুলে ধরবেন। বিশেষ করে ‘জুলাই চার্টার’ অনুযায়ী রাষ্ট্র সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং পররাষ্ট্র নীতি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
এছাড়া ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নতুন সরকার গঠনের যে ঘোষণা দল থেকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেট অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২১২টি আসনে জয়ী হয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৭৭টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। দীর্ঘ দুই দশক পর বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহন করতে যাচ্ছে।
নির্বাচনে জয়ের পর ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং মালদ্বীপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যেই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!