চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার, মামলা দায়ের

রাশেদুল হক চৌগাছা যশোর: যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি মোঃ ইয়ামিন হোসেন (২১), তিনি উপজেলার মাড়ুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ আহসান হাবীবের তত্ত্বাবধানে এবং চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনূর রশিদ পিপিএম-এর নেতৃত্বে চৌগাছা থানা এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের পশ্চিম পাশে মাঠের গোলপোস্টের সামনে সন্দেহজনক অবস্থায় অবস্থানরত ইয়ামিন হোসেনকে আটক করে পুলিশ।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!