নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন।
ধামরাইয়ের ১৪৭টি কেন্দ্রের সবকটিতেই তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব ঘোষিত ফলাফল অনুযায়ী প্রার্থীদের প্রাপ্ত ভোট
| প্রার্থী | রাজনৈতিক দল | প্রতীক | প্রাপ্ত ভোট |
| মো. তমিজ উদ্দিন | বিএনপি | ধানের শীষ | ১,৬২,৫০৪ |
| নাবিলা তাসনিদ | এনসিপি (১১ দলীয় জোট) | শাপলা কলি | ৫৭,৭৮৭ |
| মো. আশরাফ আলী | বাংলাদেশ খেলাফত মজলিস | দেওয়াল ঘড়ি | ৯,০৮৩ |
| আহসান খান | জাতীয় পার্টি | লাঙ্গল | ৩,০৭৬ |
| হেলাল উদ্দিন আহাম্মদ | এবি পার্টি | ঈগল | ৪৭৮ |
| মো. আরজু মিয়া | বাংলাদেশ জাসদ | মোটরগাড়ি | ১৯৮ |
নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ (১২.৫%) ভোট পেতে ব্যর্থ হন, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে প্রদত্ত ভোটের হার বিবেচনায় নিয়ে জাতীয় পার্টির আহসান খান, এবি পার্টির হেলাল উদ্দিন আহাম্মদ এবং বাংলাদেশ জাসদের মো. আরজু মিয়ার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ভোটের পরিসংখ্যান: মোট ভোটার: ৩,৭০,৯৪৫ জন, প্রদত্ত ভোট: ২,৩৫,৭২৩ জন, ভোটদানের হার: ৬৩.৫৫%, বাতিল ভোট: ৬,১১৭টি
একই দিনে অনুষ্ঠিত সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোটে এই আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৫৮,৪১২টি এবং ‘না’ ভোট পড়েছে ৫০,১১৪টি।
বিজয় ঘোষণার পর মো. তমিজ উদ্দিন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ধামরাইয়ের জনগণ ধানের শীষের ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমি রক্ষা করব। ধামরাইকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!