জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল | 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন যে, 'জুলাই সনদ'-এর প্রতিটি অক্ষর এবং শব্দ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তার নেতৃত্বাধীন সরকার।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে জুলাই সনদের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, "যখন ড. ইউনূস সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই করার জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন, তখন বিএনপিই সবার আগে এগিয়ে এসেছিল। আমরা সেই অঙ্গীকারে প্রথম স্বাক্ষরকারী। তাই ইনশাআল্লাহ, এই সনদের প্রতিটি লাইন বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।"

অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, "আমরা দেখেছি অনেকে তখন দ্বিধাদ্বন্দ্বে ছিল। কেউ নির্বাচনের পর এসে হঠাৎ দরদ দেখাচ্ছে। কিন্তু বিএনপির কাছে জনগণের ম্যান্ডেট রয়েছে। যারা এখন বড় বড় কথা বলছে, তারা কেন শুরুতে পিছিয়ে ছিল, সেই প্রশ্ন জনগণের।"

দেশের চলমান উন্নয়ন কর্মসূচি নিয়ে সতর্কবার্তা দিয়ে তারেক রহমান বলেন, "বিএনপির শুরু করা খাল খনন, ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক কাজে যারা বাধা দেবে, তাদের জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে।" তিনি আরও যোগ করেন, "স্বৈরাচারের প্রেতাত্মারা যাতে পুনরায় দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।"

জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!