পুরান ঢাকায় এসির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি বাসায় এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ওই বাসায় বাণিজ্যিক উদ্দেশ্যে এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুত রাখা হয়েছিল, যা থেকে এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত।

বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনের একটি দেয়াল ধসে পাশের টিনশেড বাড়ির ওপর পড়ে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। পরে ওই বাসা থেকে আরও বেশ কিছু অক্ষত গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনের শারীরিক অবস্থা মোহাম্মদ সেলিম (৩৩): শরীরের ১০০ শতাংশ দগ্ধ, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মোক্তার বেপারী (৫৫): শরীরের ২২ শতাংশ দগ্ধ। সেলিনা আক্তার (৪৫): শরীরের ২০ শতাংশ দগ্ধ।

বর্তমানে তাঁদের তিনজনকেই ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!