নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রায়েরবাজারে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে রায়েরবাজার এলাকার হায়দার হোটেলের গলিতে বাসার নিচেই এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত বিন্তি রায়েরবাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সে শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার কাছিকাটা গ্রামের ব্যবসায়ী বেল্লাল হোসেনের মেয়ে। হাজারীবাগে পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত সে।
বিন্তির মা নাদিয়া বেগম জানান, রাতে বিন্তি ও তার ছোট ভাই নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে যায়। এর কিছুক্ষণ পরই হইচই শুনে নিচে নেমে বিন্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাদিয়া বেগম অভিযোগ করেন, সিয়াম নামের এক তরুণ তিন-চার বছর ধরে বিন্তিকে মোবাইল ফোনে উত্যক্ত করত। এক সময় তাকে এ নিয়ে বকাবকিও করা হয়েছিল। সেই সিয়ামই বিন্তিকে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের দাবি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক তরুণকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!