রাবিতে দেয়াললিখনে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি, শিবিরের বিরুদ্ধে তীব্র অভিযোগ

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়ে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে বলেন, তারা গোপন পরিচয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। “গণঅভ্যুত্থানের পরও তারা ইসলামিক পরিচয়ের আড়ালে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি করছে এবং নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে কার্যক্রম চালাচ্ছে,”—বলেন তিনি।

তিনি আরও দাবি করেন, ছাত্রশিবির অতীতে গোপনে ছাত্রলীগের ছত্রছায়ায় থেকে সহিংসতায় জড়িয়েছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল। “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের কোনো গুপ্ত রাজনীতি সহ্য করা হবে না। প্রকাশ্যে রাজনীতি না করলে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হবে,”—হুঁশিয়ারি দেন তিনি।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান দেয়াললিখনের মাধ্যমে শুরু হয়েছিল। একইভাবে দেয়াললিখনের মাধ্যমে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। এতে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।”

দেয়াললিখন কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং সংগঠনের দাবির প্রতি সংহতি জানান।

তবে এ বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!