জেলা প্রতিনিধি, কক্সবাজার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় নিরাপত্তা জোরদার করেছে যৌথবাহিনী। এর অংশ হিসেবে উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পালংখালীর বালুখালী, মরাগাছ তলা ও থাইংখালীসহ বিভিন্ন গ্রামে সেনাবাহিনী, এপিবিএন এবং পুলিশের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোহিঙ্গাদের কেউ যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অবৈধভাবে ব্যবহৃত হতে না পারে, তা নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য।
যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। সেনাবাহিনী ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ জানান, আটককৃতদের ক্যাম্প শনাক্ত করে সংশ্লিষ্ট সিআইসি (ক্যাম্প ইনচার্জ) কার্যালয়ে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রোহিঙ্গাদের ঘর ভাড়া দেওয়ার অপরাধে ১৩ জন স্থানীয় বাড়ির মালিককে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরাধের গুরুত্ব বিবেচনায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় বাসিন্দারা জানান, অনেক রোহিঙ্গা নির্ধারিত ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয়দের জমি দখল করে বা ভাড়া বাসায় বসবাস আসছিল। কেউ কেউ বন বিভাগের পাহাড়ি এলাকা কেটে অবৈধ বসতিও গড়ে তুলেছিল। এসব এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক কারবারের অভিযোগও ছিল দীর্ঘদিনের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!