আখাউড়া উপজেলায় “বরিশল ইউনিয়ন” গঠনের প্রস্তাব—প্রতিমন্ত্রীর কাছে আবেদন

প্রেস রিলিজ:  ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় নতুন একটি ইউনিয়ন গঠনের প্রস্তাব জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি কর্তৃক ২০২৬ সালের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কবীর আহমেদ ভূঞা এলাকাবাসীর পক্ষে এই আবেদনটি করেন এবং তা প্রতিমন্ত্রীর দপ্তরে প্রেরণ করেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে ১৬টি গ্রাম রয়েছে, যার জনসংখ্যা প্রায় ৩৬ হাজার (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। তবে এই ইউনিয়নের ৬টি গ্রাম—বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি—ভৌগোলিকভাবে বাকি ১০টি গ্রাম থেকে বিচ্ছিন্ন।

চিঠিতে বলা হয়, তিতাস নদীর কারণে এসব গ্রামের সঙ্গে বাসুদেব ইউনিয়নের অন্যান্য অংশের যোগাযোগ সীমিত। অপরদিকে, এই ৬টি গ্রামের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও যোগাযোগ ব্যবস্থা মূলত আখাউড়া উপজেলাকেন্দ্রিক। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ডাকঘরসহ অধিকাংশ সেবা আখাউড়া কেন্দ্র করে পরিচালিত হয়।

বর্তমানে আখাউড়া উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে এবং মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার (২০২২ সালের হিসাব অনুযায়ী)। প্রস্তাবিত “বরিশল ইউনিয়ন” গঠন করা হলে ইউনিয়নের সংখ্যা ৬টিতে উন্নীত হবে এবং মোট জনসংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৮৫ হাজারে দাঁড়াবে, যা প্রশাসনিক ভারসাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।

আবেদনপত্রে আরও বলা হয়, উল্লিখিত ৬টি গ্রামকে একত্র করে “বরিশল ইউনিয়ন” নামে নতুন ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে সংযুক্ত করা হলে স্থানীয় জনগণের সেবা প্রাপ্তি সহজ হবে এবং সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা পাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রতিমন্ত্রীর সদয় দৃষ্টি ও উদ্যোগ কামনা করা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!