চৌগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত

চৌগাছা (যশোর): রাশেদুল হক রাশেদ 

যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমি। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যখাতে প্রযুক্তির সঠিক ব্যবহার বাড়াতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমও ডাঃ সুরাইয়া পারভিন, শিশু বিশেষজ্ঞ ডাঃ সুমাইয়া জেসমিন, ডেন্টাল কনসালটেন্ট ডাঃ তানজিম সাবিহা, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম, নার্সিং সুপারভাইজার ঝুমুর হালদারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও চৌগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে একই বছরের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত সেই সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গঠনতন্ত্র গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এই গঠনতন্ত্র এবং প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।

প্রতিবছর এই দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ইস্যুকে প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করে, যা বৈশ্বিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই

প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!