রাশেদুল হক রাশেদ: যশোরের চৌগাছা উপজেলার সাথী টাওয়ার মার্কেটে অবস্থিত ফারুক কপি হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২/০৩/২০২৬) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যেই পুরো দোকানটিকে ধ্বংসস্তূপে পরিণত করে।
দোকান মালিক মোঃ জাহিদুর ইসলাম জানান, রাত আনুমানিক ১২টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। এরপর কিছুক্ষণ পর সাথী টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ফোন পেয়ে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন এবং একই সাথে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে আগুন আরও ছড়িয়ে না পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকানের ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি অনুযায়ী, রাত আনুমানিক ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ রূপ ধারণ করে এবং পুরো দোকানটি আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া পুরো মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আশপাশের ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা বিভিন্ন কপি মেশিন, কাগজপত্র, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম সম্পূর্ণরূপে পুড়ে যায়। দোকান মালিকের ভাষ্য অনুযায়ী, নগদ প্রায় ৪ লক্ষ টাকা এবং আনুমানিক ১৭ লক্ষ টাকার মালামালসহ মোট প্রায় ২১ থেকে ২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুততার সাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যার ফলে বড় ধরনের বিস্ফোরণ বা পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির বিষয়। এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বৈদ্যুতিক লাইনের নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করার জন্য আপনাকে স্বাগতম!